ইরানের জ্বালানি অবকাঠামোতে ইসরায়েলি হামলা

ইরানের জ্বালানি অবকাঠামোতে ইসরায়েলি হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জুন, ২০২৬ ১১:৪৬

ইরানের একটি পেট্রোক্যামিকেল স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। গত রোববার রাত থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে সংঘাত তীব্র আকার ধারণ করার মধ্যেই এই জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার ঘটনা ঘটল।

ইরানি সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, খুজেস্তান প্রদেশের কারুন মাহশাহর পেট্রোক্যামিকেল কোম্পানিতে হামলা চালানো হয়। এতে স্থাপনাটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে।

এর আগে গত এপ্রিলে একই পেট্রোক্যামিকেল স্থাপনায় ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনা ঘটে।

রোববার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এরপর সোমবার সকালে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান, ইস্ফাহানসহ কয়েকটি শহরে পাল্টা হামলা চালায়।

পাল্টা উত্তেজনার ধারাবাহিকতায় ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীরাও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছোড়ে। একই সময় ইরানও একাধিক দফায় মিসাইল হামলা চালায়।

এরই মধ্যে ইসরায়েল ইরানের জ্বালানি ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এদিকে, ইসরায়েলের বিভিন্ন এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করা হচ্ছে। এর মধ্যে একটি মিসাইল সরাসরি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে বলেও বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে।