ফিলিপাইনের ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৯

ফিলিপাইনের ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৯

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জুন, ২০২৬ ১৬:২৬

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা দপ্তর। তবে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পক্ষ থেকে এ সংখ্যা এখনো যাচাইয়ের প্রক্রিয়ায় রয়েছে।

সোমবার (৮ জুন) পাওয়া সর্বশেষ তথ্যে জানা গেছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত অন্তত ৭ জন নিখোঁজ রয়েছেন এবং আহত হয়েছেন ১৩৪ জন।

দেশটির সরকারি বিজ্ঞানীরা জানিয়েছেন, ভূমিকম্পটি ফিলিপাইনের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চলে উৎপন্ন হয়েছে। ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা (PHIVOLCS) বলছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো একটি সক্রিয় সামুদ্রিক খাদের কাছাকাছি অবস্থিত, যা শক্তিশালী ভূমিকম্প সৃষ্টির জন্য পরিচিত।

PHIVOLCS-এর মতে, সমুদ্রের তলদেশে একটি ভূত্বকীয় পাত আরেকটি পাতের নিচে ঢুকে যাওয়ার ফলে এই কম্পনের সৃষ্টি হয়েছে। এ ধরনের ভূ-প্রক্রিয়া মাঝেমধ্যে ভয়াবহ ভূমিকম্পের কারণ হয়ে দাঁড়ায়।

ভৌগোলিক অবস্থানের কারণে ফিলিপাইন বিশ্বের অন্যতম ভূমিকম্পঝুঁকিপূর্ণ দেশ। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। বেশিরভাগ ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি না হলেও কিছু ভূমিকম্প ভয়াবহ প্রাণহানি ঘটায়।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে দেশটির মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। একই সময়ে আরও কয়েকটি ভূমিকম্পে অন্তত আটজনের মৃত্যু হয়েছিল।

এদিকে এই ভূমিকম্পের কম্পন প্রতিবেশী ইন্দোনেশিয়াতেও অনুভূত হয়েছে বলে জানা গেছে। কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের কিছু এলাকায় ঘরবাড়ি ও অবকাঠামোর ক্ষতির খবর পাওয়া গেছে।