ট্রাম্পের হস্তক্ষেপে ইরান হামলা বন্ধ, ‘ঝগড়া’ নিয়ে ব্যাখ্যা দূতের

ট্রাম্পের হস্তক্ষেপে ইরান হামলা বন্ধ, ‘ঝগড়া’ নিয়ে ব্যাখ্যা দূতের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ জুন, ২০২৬ ১০:৩২

ইরান ও লেবানন ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে মতপার্থক্য ও উত্তেজনা তৈরি হয়েছে। তবে এই বিরোধকে বড় করে দেখছেন না যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েখেল লেইটার।

তিনি বলেছেন, “মাঝেমধ্যে প্রেমিক ও প্রেমিকার মধ্যেও ঝগড়া হয়।” ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্কের ব্যাখ্যা দিতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

ইসরায়েলি রাষ্ট্রদূত জানান, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে হওয়া বহু আলোচনায় তিনি উপস্থিত ছিলেন। তার দাবি, দুই নেতার মধ্যে গত ৪০ বছর ধরে গভীর সম্পর্ক রয়েছে।

সম্প্রতি ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর ইরানের বিরুদ্ধে হামলা বন্ধে সম্মত হন নেতানিয়াহু। ইসরায়েলি দূতের ভাষ্য, মার্কিন প্রেসিডেন্টের অনুরোধেই উত্তেজনা কমানোর সিদ্ধান্ত নেয় ইসরায়েল।

তবে লেইটার বলেন, ট্রাম্পও বোঝেন—ইরানের হামলার জবাব না দিয়ে ইসরায়েল বসে থাকবে না।

এর আগে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার পর ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে দুই পক্ষের মধ্যে আবারও উত্তেজনা তৈরি হয়। পরে ট্রাম্পের হস্তক্ষেপে সংঘাত থামে বলে দাবি করা হয়েছে।