অন্তর্বর্তী সরকারের পর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক এখনো আগের অবস্থাতেই রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
মঙ্গলবার (৯ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে দ্য হিন্দু দাবি করেছে, বিএনপি সরকার ভারতের ওপর খুশি নয়। কারণ অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের বিরুদ্ধে ভারত যেসব পদক্ষেপ নিয়েছিল, সেগুলোর অনেকগুলো এখনো বহাল রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার আগেই ভারতের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তার সঙ্গে সাক্ষাৎ করেন।
এ ছাড়া তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা উপস্থিত ছিলেন। তবে এসব পদক্ষেপকে বিএনপির একটি অংশ যথেষ্ট সদিচ্ছার প্রকাশ হিসেবে দেখছে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিএনপির ওই অংশ মনে করছে, সম্পর্ক উন্নয়নে ভারতকে বাংলাদেশি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা চালু, ভিসা কার্যক্রম স্বাভাবিক এবং বাণিজ্যিক বিধিনিষেধ প্রত্যাহারের মতো উদ্যোগ নেওয়া উচিত।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রত্যাশিত পদক্ষেপ না নেওয়ায় ঢাকার একটি অংশ মনে করছে ভারত নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে পর্যাপ্ত আগ্রহ দেখাচ্ছে না।
এদিকে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলোচনার মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের বিষয়টিও উঠে এসেছে। দুই দেশের সম্পর্ক পর্যালোচনার লক্ষ্যেই ওই সফর হয়েছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।
আরো পড়ুন: