ইরান যুদ্ধের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ভালো অবস্থানে

ইরান যুদ্ধের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ভালো অবস্থানে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ জুন, ২০২৬ ১১:১৪

আলোচনার মাধ্যমে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ভালো অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (৮ জুন) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ভ্যান্স বলেন, ইরানিরা এই যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় না, কারণ এটি তাদের স্বার্থের অনুকূলে নয়। তার মতে, বর্তমানে ইরান আলোচনার টেবিলে আসছে এবং কিছু বাস্তব প্রস্তাবও দিচ্ছে, যা যুক্তরাষ্ট্র যাচাই করছে।

তিনি আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র এই চুক্তিতে পৌঁছাতে পারে, তাহলে এটি হবে আমেরিকান জনগণের জন্য একটি বড় বিজয়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ইস্যুতে ‘চূড়ান্ত বিজয়’ ঘোষণা করা হতে পারে। তিনি সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহামের এক নির্বাচনী সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন।

ট্রাম্প দাবি করেন, ইরান একটি ভালো চুক্তির দিকে এগোচ্ছে এবং তারা পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে প্রতিশ্রুতি দিতে প্রস্তুত।

তিনি আরও বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যেই বড় অগ্রগতি দেখা যেতে পারে এবং তখনই ‘চূড়ান্ত বিজয়’ ঘোষণা হতে পারে, যা পরবর্তীতে তেলের দাম কমিয়ে দেবে।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্প এর আগেও দুই সপ্তাহের মধ্যে বড় অগ্রগতির এমন প্রতিশ্রুতি দিয়েছেন, যা বাস্তবে দেরিতে বাস্তবায়িত হয়েছে।