ট্রাম্পের সাবেক আইনজীবী যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল

ট্রাম্পের সাবেক আইনজীবী যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ জুন, ২০২৬ ১১:৩৭

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পদে নিজের সাবেক ব্যক্তিগত আইনজীবী টড ব্লাঞ্চকে (Todd Blanche) আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৮ জুন) হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প ব্লাঞ্চের নাম অনুমোদনের জন্য মার্কিন সিনেটে পাঠিয়েছেন।

এর আগে কয়েক দিন আগে তিনি এই মনোনয়নের ঘোষণা দিয়েছিলেন। গত এপ্রিল থেকে ব্লাঞ্চ ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।

মনোনয়নটি এখন মার্কিন সিনেটে বিবেচনার জন্য যাবে। সেখানে রিপাবলিকানদের পূর্ণ সমর্থন তিনি পান কি না, সেটিই ট্রাম্প প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

সিনেটে রিপাবলিকানদের ৫৩–৪৭ আসনের সংকীর্ণ ব্যবধানে নিয়ন্ত্রণ থাকায় ব্লাঞ্চের অনুমোদনের জন্য প্রায় সর্বসম্মত সমর্থন প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই মনোনয়ন শুধু প্রশাসনিক নয়, বরং ট্রাম্পের রাজনৈতিক প্রভাব ও বিচার বিভাগে তার নিয়ন্ত্রণেরও একটি বড় পরীক্ষা।

অন্যদিকে, ব্লাঞ্চের কর্মকাণ্ড নিয়েও বিতর্ক রয়েছে। তিনি ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে মামলার গতি বাড়িয়েছেন বলে সমালোচনা রয়েছে।

এছাড়া সাবেক এফবিআই পরিচালক জেমস কোমির বিরুদ্ধে মামলার উদ্যোগ এবং বিভিন্ন তদন্ত কার্যক্রম নিয়ে তার ভূমিকা বিতর্ক তৈরি করেছে।

তবে রিপাবলিকান সিনেটর চাক গ্রাসলি ব্লাঞ্চের প্রশংসা করে বলেছেন, তিনি স্বচ্ছতা ও আইন প্রয়োগে প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে ডেমোক্র্যাট সিনেটর ডিক ডারবিন এই মনোনয়নকে কঠোরভাবে সমালোচনা করে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক বিচার ব্যবস্থার অভিযোগ তুলেছেন।

৫১ বছর বয়সী টড ব্লাঞ্চ এর আগে ট্রাম্পের একাধিক ফৌজদারি মামলায় তার পক্ষে আইনজীবী হিসেবে কাজ করেছেন। বিচার বিভাগে তার বর্তমান ভূমিকা নিয়েও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ উঠেছে।