ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে সোমবার (৮ জুন) ভোরে আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ।
দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, সকসারজেন অঞ্চলেই ধ্বংসস্তূপ থেকে ৩১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
ভূমিকম্পে ১০ হাজারেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন বলে জানানো হয়েছে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সারঙ্গানি প্রদেশের উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। কম্পনটি মিন্দানাওজুড়ে তীব্রভাবে অনুভূত হয়। প্রায় ৪২০ কিলোমিটার দূরে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরেও এর কম্পন টের পাওয়া যায়।
ভূমিকম্পের পর দক্ষিণ ফিলিপাইন, উত্তর ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ রাজ্যে সুনামি সতর্কতা জারি করা হয়। পরে উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং ছয় ঘণ্টা পর সতর্কতা প্রত্যাহার করা হয়।
এর আগে ১২ বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পের আট মাস পর আবারও এই দুর্যোগ আঘাত হানে। গত বছর সেবু দ্বীপের উপকূলে ৬.৯ মাত্রার ভূমিকম্পে ৭৯ জন নিহত হন।
আরো পড়ুন: