মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটরা নিরাপদ: ট্রাম্প

মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটরা নিরাপদ: ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ জুন, ২০২৬ ১৫:০১

হরমুজ প্রণালীর কাছে মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি গানশিপ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে দুর্ঘটনার পর পাইলটরা নিরাপদ আছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন ডিসিতে ফেরার আগে জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “কেউ আহত হয়নি”।

তিনি আরও জানান, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় একটি আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন মঙ্গলবারের মধ্যেই প্রকাশ করা হবে।

তবে হেলিকপ্টারটি ইরানের গুলিতে ভূপাতিত হয়েছে নাকি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে বিধ্বস্ত হয়েছে—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে অবগত দুই ব্যক্তির বরাতে এ তথ্য প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ মোকাবিলার অংশ হিসেবে অ্যাপাচি হেলিকপ্টার, যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করছে।

নিউইয়র্ক টাইমস আরও জানিয়েছে, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শুরু হওয়ার পর এটিই প্রথম অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা। একই সময়ে ইরান দাবি করেছে, তারা একাধিক মার্কিন ড্রোন ভূপাতিত করেছে।

সাধারণত টহল ও নজরদারি মিশনে ব্যবহৃত অ্যাপাচি হেলিকপ্টারগুলো সাম্প্রতিক সময়ে আরও গভীর এলাকায় অভিযান চালাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলে হুমকি সৃষ্টিকারী দুটি ইরানি ড্রোন তারা গুলি করে ভূপাতিত করেছে এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।