আইসিসি চিফ প্রসিকিউটর করিম খান বরখাস্ত

আইসিসি চিফ প্রসিকিউটর করিম খান বরখাস্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ জুন, ২০২৬ ১৬:১৮

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চিফ প্রসিকিউটর করিম খানকে যৌন অসদাচরণের অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে সাময়িকভাবে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (৮ জুন) আইসিসির পরিচালনাকারী সংস্থা রোম সংবিধির সদস্য রাষ্ট্রসমূহের পরিষদীয় ব্যুরো এ সিদ্ধান্তের ঘোষণা দেয়।

সংস্থাটি জানায়, জাতিসংঘের অভ্যন্তরীণ তদারকি সেবা দপ্তর (ওআইওএস)-এর তদন্ত প্রতিবেদন, সংশ্লিষ্ট প্রমাণ এবং বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে করিম খানের বিরুদ্ধে ১২৫টি সদস্য রাষ্ট্রের সামনে শৃঙ্খলামূলক কার্যক্রম শুরু করা হবে।

তবে তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা হবে না বলে জানানো হয়েছে। ব্যুরো বলেছে, সংশ্লিষ্ট সব পক্ষের ব্যক্তিগত গোপনীয়তা ও চলমান প্রক্রিয়ার স্বচ্ছতা রক্ষায় নথিপত্র গোপন রাখা হবে।

এদিকে করিম খান এর আগে দাবি করেছিলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তে কোনো ধরনের অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি এবং তাকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনা উচিত।

এর আগে জাতিসংঘের তদন্ত চলাকালে গত বছরের মে মাসে তিনি ছুটিতে যান। পরে আইসিসির একটি প্যানেলও তার বিরুদ্ধে অসদাচরণের প্রমাণ মেলেনি বলে মত দেয়—এমন তথ্য বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে আসে।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে আইসিসির পরিচালনাকারী সংস্থার প্রধানের নির্দেশে এ তদন্ত শুরু হয়। একজন কর্মীর অভিযোগের পরই বিষয়টি সামনে আসে।

করিম খান এর আগে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন।