ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ জুন, ২০২৬ ১০:১৯

হরমুজ প্রণালিতে সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগ তুলে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মঙ্গলবার থেকে ইরানের বিরুদ্ধে এই অভিযান শুরু করা হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরানের আগ্রাসনের জবাবে ‘সমানুপাতিক পদক্ষেপ’ হিসেবে এ হামলা চালানো হয়েছে। হামলার পর ইরানের পারস্য উপসাগরীয় উপকূল ও হরমুজ প্রণালি এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এর আগে সোমবার মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানি বাহিনী হেলিকপ্টারটি ভূপাতিত করেছে। হেলিকপ্টারটি ওমান উপসাগরে পড়ে যায় বলে জানানো হয়।

পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ইরানি বাহিনী শাহেদ ড্রোন ব্যবহার করে কয়েক মিলিয়ন ডলার মূল্যের ওই হেলিকপ্টারটি ভূপাতিত করেছে। তবে এটি ইচ্ছাকৃত হামলা ছিল নাকি ভুলবশত আঘাত—তা এখনো নিশ্চিত নয়।

হেলিকপ্টারটিতে থাকা দুই ক্রুকে পরে সমুদ্র থেকে উদ্ধার করা হয়। সামুদ্রিক ড্রোন ব্যবহার করে সেনা উদ্ধারের ঘটনা এটিই প্রথম বলে দাবি করা হয়েছে।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, দুই পাইলট নিরাপদে আছেন। একই সঙ্গে তিনি বলেন, হেলিকপ্টার ভূপাতিত করার জন্য ইরানকে জবাব দেওয়া হবে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, নতুন হামলায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনাগুলোকে লক্ষ্য করা হয়েছে। ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, বন্দর আব্বাস, কিশম ও সিরিক এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, যুদ্ধক্ষেত্রে ব্যর্থতার পরও যুক্তরাষ্ট্র ইরানের দৃঢ় সংকল্প পরীক্ষা করতে চাইছে। মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, নিরাপদ থাকতে হলে অঞ্চল ছেড়ে চলে যেতে হবে।