ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে পাল্টা হামলা চালানোর দাবি করেছে তেহরান। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানিয়েছে, ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে এবং অভিযান এখনো চলমান রয়েছে।
বুধবার (১০ জুন) সকালে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়া হিসেবে বাহরাইনের মার্কিন নৌঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
এর আগে সোমবার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানি বাহিনী ওই হেলিকপ্টারটি ভূপাতিত করেছে। এরপর ইরানের উপকূলীয় বিভিন্ন স্থাপনায় হামলা চালায় মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড।
মার্কিন বাহিনী জানায়, হেলিকপ্টার ভূপাতিত করা এবং বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে ‘সমানুপাতিক জবাব’ দেওয়া হয়েছে।
অন্যদিকে আইআরজিসি দাবি করেছে, যুক্তরাষ্ট্র ‘মিথ্যা অজুহাতে’ ইরানের জাস্ক, সিরিক ও কিশম এলাকায় হামলা চালিয়েছে। এতে সিরিকের একটি টেলিযোগাযোগ টাওয়ার ও দুটি পানির ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তারা।
বিবৃতিতে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
পারস্য উপসাগরের তীরে অবস্থিত বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে এটি বিবেচিত।
আরো পড়ুন: