জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। যুক্তরাষ্ট্রের ইরানের উপকূলীয় বিভিন্ন এলাকায় হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা অভিযান শুরু করার কথা জানিয়েছে তেহরান।
বুধবার (১০ জুন) দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, জর্ডানের ওই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় চারটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে এফ-৩৫ যুদ্ধবিমানের একটি হ্যাঙ্গার এবং মার্কিন বাহিনীর প্রাথমিক কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র রয়েছে বলে দাবি করেছে তারা।
ইরানি বাহিনী আরও দাবি করেছে, জর্ডানের ঘাঁটিতে হামলার মধ্য দিয়ে তাদের পাল্টা অভিযান শেষ করা হয়েছে। এ অভিযানে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ২১টি সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও জানিয়েছে তারা।
আইআরজিসির দাবি, হামলার সময় একটি মার্কিন এমকিউ-৯ ড্রোনও ভূপাতিত করা হয়েছে। তবে এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিবৃতিতে ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ভবিষ্যতে কোনো ধরনের আগ্রাসন চালালে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। উত্তেজনা বৃদ্ধি পেলে এর দায় ওয়াশিংটনকেই নিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি।
এর আগে সোমবার হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানি বাহিনী হেলিকপ্টারটি ভূপাতিত করেছে। এরপর ইরানের উপকূলীয় বিভিন্ন এলাকায় হামলা চালানোর কথা জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড।
আরো পড়ুন: