দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। বুধবার উদ্ধারকারীরা একটি ধসে পড়া সুপারমার্কেটের ধ্বংসস্তূপ থেকে আরও একটি মরদেহ উদ্ধার করেন।
সোমবার মিন্দানাও উপকূলের কাছে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বহু ভবন ধসে পড়ে, বিভিন্ন এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে এবং সুনামির সতর্কতা জারি করা হয়।
উদ্ধারকারী দলের সদস্য মিশেল চুয়া জানান, ধ্বংসস্তূপের নিচে প্রাণ শনাক্তকারী যন্ত্রে প্রথমে দুর্বল সংকেত পাওয়া যায়। তবে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে কোনো জীবিত ব্যক্তির সন্ধান পাননি।
তিনি বলেন, উদ্ধার করা মরদেহটি দুটি বিমের মাঝখানে চাপা পড়েছিল। ভূমিকম্পের পর এখন পর্যন্ত ১৭ জন নিখোঁজ রয়েছেন।
ফিলিপাইনের বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা রাফায়েলিতো আলেহান্দ্রো জানান, নিহতদের বেশিরভাগই দাভাও অক্সিডেন্টাল প্রদেশের বাসিন্দা। তাদের অনেকে ভূমিধস ও ভবন ধসে প্রাণ হারিয়েছেন।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপে এখনো কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে দেখতে কাজ করছেন উদ্ধারকারীরা।
আরো পড়ুন: