দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন নিহত এবং আরও ৯ জন আহত হয়েছেন। শহরের ক্লিভল্যান্ড এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা একটি আবাসিক বসতিতে এই হামলা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, একদল সশস্ত্র হামলাকারী বসতিতে প্রবেশ করে একাধিক স্থানে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই বহু মানুষ হতাহত হন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে ক্লিভল্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। একটি পেট্রোল স্টেশনের কাছে সাদা টয়োটা কোয়ান্টাম গাড়ি থেকে ১০ জনের বেশি সন্দেহভাজনকে নামতে দেখা যায় বলে জানিয়েছে পুলিশ।
পরে তারা বসতির দুটি প্রবেশপথ দিয়ে ভেতরে ঢুকে বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই আটজন পুরুষ ও তিনজন নারী নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন পুরুষের মৃত্যু হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার উদ্দেশ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে।
দক্ষিণ আফ্রিকায় অবৈধ বসতিগুলোতে এ ধরনের সহিংস ঘটনা প্রায়ই ঘটে থাকে। গত বছর জোহানেসবার্গে একটি মদের দোকানে বন্দুক হামলায় ৯ জন নিহত হয়েছিলেন।
বিশেষজ্ঞদের মতে, দেশটিতে বৈধ ও অবৈধ মিলিয়ে লাখ লাখ আগ্নেয়াস্ত্র ছড়িয়ে থাকায় সহিংস অপরাধের হার তুলনামূলকভাবে বেশি।
আরো পড়ুন: