ইন্দোনেশিয়ায় মানবাধিকারকর্মীর ওপর অ্যাসিড হামলায় ৪ সেনার জেল

ইন্দোনেশিয়ায় মানবাধিকারকর্মীর ওপর অ্যাসিড হামলায় ৪ সেনার জেল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ জুন, ২০২৬ ১৫:৫১

ইন্দোনেশিয়ায় মানবাধিকারকর্মীর ওপর অ্যাসিড হামলার ঘটনায় চার সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত।

বুধবার (১০ জুন) আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, সেনাবাহিনীর ক্রমবর্ধমান ভূমিকার সমালোচক মানবাধিকারকর্মী আন্দ্রি ইউনুসের ওপর হামলার ঘটনায় ওই কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে।

আদালতের রায়ে চার কর্মকর্তাকে যথাক্রমে তিন বছর, আড়াই বছর, দুই বছর ও দেড় বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তরা সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স এজেন্সি (বিএআইএস)-এর সদস্য।

গত মার্চে রাজধানী জাকার্তায় মোটরসাইকেলে যাওয়ার সময় আন্দ্রি ইউনুসের ওপর হামলা হয়। একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তার ওপর অ্যাসিড নিক্ষেপ করলে তিনি এক চোখের দৃষ্টিশক্তি হারান। এছাড়া তার মুখ ও শরীরের ২০ শতাংশের বেশি অংশ পুড়ে যায়।

আন্দ্রি ইউনুস কমিশন ফর মিসিং পারসন্স অ্যান্ড ভিকটিমস অফ ভায়োলেন্সের (কন্ট্রাস) উপ-সমন্বয়ক ছিলেন। তিনি ইন্দোনেশিয়ার বেসামরিক প্রশাসনে সেনাবাহিনীর ভূমিকা বাড়ানোর প্রচেষ্টার কঠোর সমালোচক হিসেবে পরিচিত।

হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক ঘটনাটিকে ‘কাপুরুষোচিত’ বলে নিন্দা জানান।

তবে মানবাধিকারকর্মীদের ওপর হামলার ঘটনায় শাস্তির নজির কম থাকায় আন্দ্রি ইউনুস বিচার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বেসামরিক আদালতে বিচার চাইলেও পরে স্বাস্থ্যগত কারণ ও আদালতের প্রতি অনাস্থার কথা উল্লেখ করে শুনানিতে অংশ নেননি।