ইরানে ফের মার্কিন হামলা, পাল্টা জবাবে হরমুজ বন্ধ করল তেহরান

ইরানে ফের মার্কিন হামলা, পাল্টা জবাবে হরমুজ বন্ধ করল তেহরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জুন, ২০২৬ ১০:০৭

ইরানে দ্বিতীয় দিনের মতো আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে দেশটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এর জবাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। একই সঙ্গে পাল্টা অভিযানে বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে দুটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে তেহরান।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, ইরানের ‘অব্যাহত আগ্রাসনের’ জবাব হিসেবে সর্বশেষ হামলা চালানো হয়েছে।

ইরানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও সিরিকসহ হরমুজ প্রণালির আশপাশের বিভিন্ন এলাকায় হামলা হয়েছে। এছাড়া কারগান শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে অন্তত দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানিয়েছে, অনুমতি ছাড়া দুটি তেলের ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে সেগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ থাকবে বলেও জানিয়েছে তারা।

এর আগে সোমবার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ইরান এটিকে ভূপাতিত করেছে—এমন অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র হামলা চালায় বলে দাবি করেছে তেহরান। এরপর থেকেই দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলার উত্তেজনা চলছে।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরান এতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করে তিনি দ্রুত চুক্তিতে না এলে কঠোর পদক্ষেপের হুমকি দেন।