হরমুজে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, নিখোঁজ ৩ ভারতীয় নাবিক

হরমুজে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, নিখোঁজ ৩ ভারতীয় নাবিক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জুন, ২০২৬ ১০:১১

আপডেট: ১১ জুন, ২০২৬ ১০:১১

হরমুজ প্রণালির ওমান উপকূলে একটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পালাওয়ের পতাকাবাহী ওই জাহাজে থাকা ২৪ ভারতীয় নাবিকের মধ্যে ২১ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।

বুধবার (১০ জুন) সেত্তেবেল্লো নামের তেলবাহী ট্যাংকার জাহাজটিতে হামলা চালানো হয় বলে জানা গেছে। হামলার ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তিন ভারতীয় নাগরিক নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মার্কিন বাহিনীর ছোড়া মিসাইল জাহাজটির ইঞ্জিন রুমে আঘাত করলে সেখানে আগুন ধরে যায়। হামলার সময় জাহাজটিতে মোট ২৮ জন ক্রু ছিলেন, যার মধ্যে ২৪ জনই ভারতীয়।

ওমানের বন্দর সোহর থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয় জাহাজটি। পরে জাহাজ থেকে জরুরি সহায়তার আবেদন জানানো হলে উদ্ধার অভিযান শুরু হয়।

মাসকাটে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, ২৪ ভারতীয় নাবিকের মধ্যে ২১ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ তিনজনকে উদ্ধারে ঘটনাস্থলে তল্লাশি অভিযান চলছে।

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরান সংশ্লিষ্ট জাহাজগুলোর ওপর নৌ-অবরোধ আরোপ করেছে। চলাচলের চেষ্টা করা জাহাজগুলোকে ফিরিয়ে দেওয়া হচ্ছে অথবা নিষ্ক্রিয় করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। দুই দেশই পাল্টাপাল্টি হামলার ঘটনায় জড়িয়ে পড়েছে।