জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জুন, ২০২৬ ১১:০৭

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিকে লক্ষ্য করে ১২টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। বৃহস্পতিবার (১১ জুন) এই হামলার ঘটনা ঘটেছে বলে জানানো হয়।

আইআরজিসির দাবি অনুযায়ী, ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমানকে লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তাদের ভাষ্যমতে, এতে একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলার পর ইরান হুঁশিয়ারি দিয়ে জানায়, যুক্তরাষ্ট্র যদি “শত্রুতামূলক আচরণ” অব্যাহত রাখে, তাহলে এর জবাবও অব্যাহত থাকবে।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জর্ডানে অবস্থানরত নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। এক্সে দেওয়া এক বার্তায় বলা হয়, জর্ডানের আকাশসীমায় মিসাইল, ড্রোন বা রকেট শনাক্ত হয়েছে এবং সবাইকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।

এর আগে সোমবার হরমুজে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন উত্তেজনার সূত্রপাত হয়। এরপর একে একে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শেষ করার ঘোষণার পরও ইরান হামলা অব্যাহত রেখেছে বলে দাবি করা হয়। প্রথমে বাহরাইন ও কুয়েতে হামলার পর এবার জর্ডানের বিমানঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হলো।