ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। মার্কিন বাহিনীর এ হামলায় ওই জাহাজটি লক্ষ্যবস্তু করা হয় বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ভারতের কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ঘটনাটিতে তিন ভারতীয় নাবিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— ডেক ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া এবং চিফ ইঞ্জিনিয়ার পাটনালা সুরেশ।
গত বুধবার (১০ জুন) ওমান উপকূলের কাছে সেত্তেবেলো নামের একটি পালাউ-পতাকাবাহী তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটে। জাহাজটিতে মোট ২৮ জন নাবিক ছিলেন, যাদের মধ্যে ২৪ জন ভারতীয়। ওমানের সোহর বন্দরের প্রায় ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে অবস্থানকালে জাহাজটি বিপদ সংকেত পাঠায়।
যুক্তরাষ্ট্রের দাবি, জাহাজটি ইরানি তেল বহন করছিল এবং সামরিক নির্দেশনা না মানায় সেটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করে হামলার নিন্দা জানিয়েছে। পাশাপাশি ভারত সরকার কূটনৈতিকভাবে বিষয়টি নিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে এবং ভারতে অবস্থানরত মার্কিন ডেপুটি চিফ অফ মিশনকে তলব করা হয়েছে।
এ ঘটনায় মধ্যপ্রাচ্যের জলপথে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আরো পড়ুন: