ভেনেজুয়েলায় মার্কিন বিমান হামলা, গ্যাং প্রধান নিনো গেরেরো নিহত

ভেনেজুয়েলায় মার্কিন বিমান হামলা, গ্যাং প্রধান নিনো গেরেরো নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬ ১২:৫৩

ভেনেজুয়েলার কুখ্যাত ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে গ্যাংয়ের প্রধান নিনো গেরেরো নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তার নির্দেশে মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম) এই প্রাণঘাতী সামরিক অভিযান পরিচালনা করে নিনো গেরেরোকে লক্ষ্য করে হামলা চালায়।

নিনো গেরেরোর পুরো নাম হেক্টর রুথেনফোর্ড গেরেরো ফ্লোরেস। তিনি দীর্ঘদিন ধরে ল্যাটিন আমেরিকার অন্যতম ভয়ংকর অপরাধী চক্র ট্রেন দে আরাগুয়ার নেতৃত্ব দিয়ে আসছিলেন।

যুক্তরাষ্ট্রের দাবি, এই গ্যাংটি আন্তর্জাতিক পর্যায়ে বিস্তার লাভ করেছে এবং এটিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে। গ্যাংটির বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ, যৌন পাচার ও ভাড়ায় খুনের মতো অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ট্রাম্প তার পোস্টে আরও বলেন, ভেনেজুয়েলায় বন্ধুদের সঙ্গে সমন্বয় করে এই অভিযান চালানো হয়েছে এবং তারা বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ট্রেন দে আরাগুয়া মূলত একটি কারাগারভিত্তিক গ্যাং থেকে আন্তর্জাতিক অপরাধী চক্রে পরিণত হয়। গেরেরো দীর্ঘ সময় কারাবন্দি থাকলেও একাধিকবার পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গ্যাংটির বিরুদ্ধে বিভিন্ন দেশে বিস্তারের পাশাপাশি মাদক পাচারের রুট নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে।

এদিকে মার্কিন সামরিক অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সাম্প্রতিক সময়ে এ ধরনের অভিযানে বহু হতাহতের ঘটনা ঘটলেও মাদক পাচারের সরাসরি প্রমাণ প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র, এমন সমালোচনাও রয়েছে।