ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের জোরহাটে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি ‘এএন-৩২’ পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে জোরহাট বিমানঘাঁটির ভেতরেই এ দুর্ঘটনা ঘটে। এতে বিমানটিতে থাকা পাঁচজন সদস্য নিহত হয়েছেন।
ভারতীয় বিমানবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিচয়ও প্রকাশ করেছে।
নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম।
বিমানবাহিনী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে একটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের (রুটিন সর্টি) অংশ হিসেবে উড্ডয়নের পর অবতরণের সময় বিমানটি দুর্ঘটনায় পড়ে। অবতরণের সময় এটি রানওয়ের কাছাকাছি আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
দুর্ঘটনার পরপরই বিমানবাহিনীর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে দুর্ঘটনাস্থলটি কর্ডন করে রাখা হয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেন, জোরহাটে বিমানবাহিনীর পরিবহন বিমান দুর্ঘটনার বিষয়ে তারা অবগত রয়েছেন এবং বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।
আরো পড়ুন: