ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি আজ রোববার সই হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এই দাবির বিরোধিতা করে জানিয়েছে, এখনো কোনো সমঝোতা স্মারক চূড়ান্ত হয়নি।
বিপ্লবী গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানি আলোচকরাও জানিয়েছেন আলোচনা এখনো শেষ পর্যায়ে রয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প অস্বাভাবিকভাবে দ্রুত চুক্তি সইয়ের চাপ দিচ্ছেন। তারা আরও দাবি করেছে, ১৪ জুন ট্রাম্পের জন্মদিন হওয়ায় তিনি বিষয়টিকে প্রচারণার অংশ হিসেবে ব্যবহার করতে চাইছেন।
এর আগে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প ইরানের সঙ্গে ২০১৫ সালের পারমাণবিক চুক্তির সমালোচনা করেন। তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলের ওই চুক্তি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ করে দিয়েছিল।
ট্রাম্প দাবি করেন, তার প্রশাসনের প্রস্তাবিত চুক্তি হবে সম্পূর্ণ ভিন্ন এবং এটি ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথ বন্ধ করবে। তিনি আরও বলেন, চুক্তি সই হলে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, নতুন চুক্তিতে কোনো আর্থিক লেনদেন থাকবে না। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনা নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে।
তবে ইরানের পক্ষ থেকে এখনো চুক্তির বিষয়ে চূড়ান্ত সম্মতি দেওয়া হয়নি। ফলে ট্রাম্পের ঘোষণাকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে কূটনৈতিক উত্তেজনা।
আরো পড়ুন: