হরমুজ প্রণালি খুলছে, টোল ব্যবস্থা সম্পূর্ণ বাতিল : ট্রাম্প

হরমুজ প্রণালি খুলছে, টোল ব্যবস্থা সম্পূর্ণ বাতিল : ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬ ১১:৫৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা চুক্তির ফলাফল হিসেবে আগামী ১৯ জুন শুক্রবার থেকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রণালি ব্যবহারের জন্য কোনো দেশকে আর টোল দিতে হবে না বলেও উল্লেখ করেছেন তিনি।

গতকাল রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, চুক্তি স্বাক্ষরের পর মাইন অপসারণের কাজ শেষ হলে হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হবে। পাশাপাশি তিনি ঘোষণা দেন, ভবিষ্যতে এই প্রণালি ব্যবহারের জন্য কোনো টোল আর নেওয়া হবে না।

তিনি আরও বলেন, “শুক্রবার (১৯ জুন) যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তি স্বাক্ষরের পর মাইন অপসারণ শেষে প্রণালি খুলে দেওয়া হবে। এরপর এটি পুরোপুরি উন্মুক্ত থাকবে।”

রোববার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারেও একই বক্তব্য পুনর্ব্যক্ত করেন ট্রাম্প।

উল্লেখ্য, পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে সংযুক্ত করা ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। বৈশ্বিক জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়।

গত সংঘাতের সময় ইরান প্রণালির কিছু অংশে নিয়ন্ত্রণ জোরদার করে জলমাইন স্থাপন করে এবং কিছু দেশের জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে, যা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলে।

পরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সমঝোতা চুক্তির পর ধাপে ধাপে উত্তেজনা কমানোর অংশ হিসেবে প্রণালি পুনরায় উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে।