যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, ১১ যাত্রীসহ পাইলট নিহত

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, ১১ যাত্রীসহ পাইলট নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬ ১৪:২৪

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের বাটলার শহরে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় চালকসহ ১১ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন। নিহতরা সবাই স্কাইডাইভার বা শৌখিন প্যারাট্রুপার ছিলেন।

স্থানীয় সময় রোববার (১৪ জুন) বেলা ১১টা ২০ মিনিটে বাটলার মেমোরিয়াল এয়ারপোর্টের অদূরে এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ সময় অনুযায়ী এটি রোববার রাত ১০টা ২০ মিনিট।

উড়োজাহাজটির মালিক প্রতিষ্ঠান স্কাইডাইভ কানসাস সিটি জানিয়েছে, এটি ছিল একটি ছোট আকারের বেসরকারি এক ইঞ্জিনের টার্বোপ্রপ বিমান।

বাটলার মেমোরিয়াল এয়ারপোর্টের ভারপ্রাপ্ত ম্যানেজার ডেনিস জ্যাকব জানান, উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিমানটিতে ত্রুটি দেখা দেয়। এরপর এটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নিচে নেমে আসে এবং রানওয়ের কাছে বিধ্বস্ত হয়।

তিনি বলেন, “বিমানটি আকাশে ঠিকভাবে উঠতে পারছিল না। কিছুক্ষণ দোদুল্যমান থাকার পর হঠাৎ বাম দিকে হেলে নিচে পড়ে যায় এবং মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরণ ঘটে।”

ঘটনাস্থল বিমানবন্দর রানওয়ে থেকে প্রায় ২৭৪ মিটার দূরে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি প্যাসিফিক অ্যারোস্পেস কোম্পানির তৈরি ৭৫০ এক্সেল মডেলের একটি ছোট ব্যক্তিগত উড়োজাহাজ।

দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করে তাদের পরিবারকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে এনটিএসবি।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মিসৌরি অঙ্গরাজ্যের গভর্নর মাইক কেহোয়ে।