ভারতের ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি

ভারতের ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬ ১৯:১৯

ভারতের ভিসা আবেদনকারীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইভ্যাক।

নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীরা দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে সাইন-আপ সম্পন্ন করতে এবং প্রয়োজনীয় ওয়েবফাইল আপলোড করতে পারবেন। যেসব আবেদনকারী নির্ধারিত সময়ের মধ্যে সফল ভাবে ওয়েবফাইল আপলোড করবেন, তারা বিকাল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সুযোগ পাবেন।

আইভ্যাক জানিয়েছে, নতুন এই ব্যবস্থা ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করতে চালু করা হয়েছে। আবেদনকারীদের নির্ধারিত সময়সূচি অনুসরণ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ হতে হবে এবং তা ৩০ দিনের বেশি পুরোনো হওয়া চলবে না। কোনো পরিবর্তিত, সম্পাদিত বা বিকৃত ফাইল গ্রহণযোগ্য হবে না।

মেডিকেল ভিসা সংক্রান্ত নির্দেশনায় আইভ্যাক জানায়, মেডিকেল ভিসা আবেদনকারীদের অবশ্যই সেই নির্ধারিত হাসপাতালে যেতে হবে, যার জন্য ভিসা ইস্যু করা হয়েছে। হাসপাতাল পরিবর্তনের ক্ষেত্রে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) অনুমতি নিতে হবে।

এফআরআরও-এর অনুমোদন ছাড়া হাসপাতাল পরিবর্তন ভিসা বিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং ভবিষ্যতে ভারতে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।