স্লোভাকিয়ার সর্বোচ্চ জাতীয় সম্মাননা পেলেন মোদি

স্লোভাকিয়ার সর্বোচ্চ জাতীয় সম্মাননা পেলেন মোদি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬ ১০:১৬

স্লোভাকিয়ার সর্বোচ্চ জাতীয় সম্মাননা ‘দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’-এ ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (১৫ জুন) রাজধানী ব্রাতিস্লাভায় এক অনুষ্ঠানে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেল্লেগ্রিনি মোদির হাতে এ সম্মাননা তুলে দেন।

এটি নরেন্দ্র মোদির ৩৩তম আন্তর্জাতিক সম্মাননা। ইউরোপ সফরের অংশ হিসেবে গতকাল নয়াদিল্লি থেকে যাত্রা শুরু করেন তিনি। সফরের প্রথম দেশ হিসেবে স্লোভাকিয়াকে বেছে নেন ভারতীয় প্রধানমন্ত্রী।

১৯৯৩ সালে চেকোস্লোভাকিয়া ভেঙে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের পর প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে দেশটিতে সফর করলেন নরেন্দ্র মোদি।

সম্মাননা গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি বলেন, এই সম্মাননা ভারত ও স্লোভাকিয়ার দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতি উৎসর্গ করলেন তিনি।

‘দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস’ স্লোভাকিয়ার সর্বোচ্চ বেসামরিক ও সামরিক সম্মাননা। তবে এটি কেবল বিদেশি নাগরিকদের প্রদান করা হয়।

মোদির সফরে অভিবাসন, ডিজিটাল প্রযুক্তি ও প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে স্লোভাকিয়ার সঙ্গে ভারতের ১১টি চুক্তি স্বাক্ষর হয়েছে।