যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসে উড্ডয়নের কিছুক্ষণ পর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ বিমানে থাকা ৮ জনের সবাই নিহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে এডওয়ার্ডস এয়ারফোর্স বেইস কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে জানানো হয়, রুটিন টেস্ট মিশনের অংশ হিসেবে বিমানটি রানওয়ে থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে জরুরি পরিষেবা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার পর সাময়িকভাবে ঘাঁটিটি বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বাইরে থাকা বিমানগুলোকে অন্য ঘাঁটিতে অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, দুর্ঘটনাস্থল থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠছে এবং আশপাশে বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে।
বি-৫২ হেভি বোম্বার বিশ্বের অন্যতম শক্তিশালী বোমারু বিমান। এটি দীর্ঘপাল্লার অভিযান পরিচালনা, বিপুল পরিমাণ অস্ত্র বহন এবং পরমাণু অস্ত্র পরিবহনে সক্ষম। মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থায় বিমানটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
আরো পড়ুন: