যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে করা সমঝোতা চুক্তি ইতোমধ্যেই স্বাক্ষরিত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে অবস্থানকালে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ দাবি করেন।
তিনি বলেন, “ইরানের সঙ্গে চুক্তি পুরোপুরি স্বাক্ষরিত হয়েছে।” তবে চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি।
ট্রাম্প আরও বলেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। তিনি দাবি করেন, চুক্তির প্রভাবে তেলের দাম কমছে এবং বিশ্ববাজারে শেয়ার সূচকে ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইরান জানিয়েছিল, আগামী শুক্রবার (১৯ জুন) জেনেভায় একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে চুক্তি স্বাক্ষর করা হবে। ট্রাম্প জানান, তিনি ওই অনুষ্ঠানে অংশ নিতে পারেন, আবার নাও পারেন।
মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সমঝোতা স্মারকে ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ স্বাক্ষর করেছেন। তবে এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
চুক্তির শর্তাবলি এখনো গোপন রাখা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এর বিস্তারিত প্রকাশ করা হতে পারে।
এদিকে চুক্তির সম্ভাবনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে এবং বিভিন্ন শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালি পুনরায় চালু এবং যুদ্ধবিরতি আরও ৬০ দিন বাড়ানোর বিষয়টি আলোচনায় রয়েছে। এই সময়ের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরবর্তী আলোচনা হওয়ার কথা রয়েছে।
আরো পড়ুন: