লেবাননে নতুন ইসরায়েলি হামলায় নিহত ৪

লেবাননে নতুন ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬ ১১:৪৮

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি নিয়ে আলোচনা চললেও লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণাঞ্চলে পৃথক কয়েকটি হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র। এ ঘটনার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে।

মঙ্গলবার (১৬ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ এলাকায় দুটি গাড়িকে লক্ষ্য করে পৃথক হামলা চালানো হয়। একই সময়ে শৌকিন গ্রামেও আরেকটি গাড়িতে হামলার ঘটনা ঘটে। এসব হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা।

এদিকে ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, যেকোনো যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় লেবাননসহ পুরো অঞ্চলে সামরিক অভিযান বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলদারিত্ব অব্যাহত থাকলে তা চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। তাঁর মতে, দখলকৃত এলাকা থেকে সেনা প্রত্যাহার না হলে যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে বলা যাবে না।

অন্যদিকে ইরানের শীর্ষ সামরিক কমান্ড জানিয়েছে, দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত থাকলে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়া হবে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা অবস্থান বজায় থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যুদ্ধবিরতি আলোচনা চললেও তারা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ মার্চ থেকে নতুন করে সংঘাত শুরুর পর দেশটিতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩,৮২৬ জন নিহত এবং ১১,৮৫১ জন আহত হয়েছেন।