হোয়াইট হাউসে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

হোয়াইট হাউসে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬ ১২:৪৬

মার্কিন বিচার বিভাগ (ডিওজে) জানিয়েছেন, হোয়াইট হাউসে অনুষ্ঠিত ইউএফসি ইভেন্টকে কেন্দ্র করে ভয়াবহ হামলার একটি পরিকল্পনা নস্যাৎ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। এ ঘটনায় চারটি অঙ্গরাজ্য থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

প্রসিকিউটরদের অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা বিস্ফোরক বহনকারী ড্রোন ব্যবহার করে আশপাশের ভবনে হামলা চালানো এবং পরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালানোর পরিকল্পনা করেছিল। পরিকল্পনার দ্বিতীয় ধাপে হোয়াইট হাউসের ফটকে সরাসরি হামলার কথাও ছিল বলে জানানো হয়েছে।

গ্রেফতার হওয়া পাঁচজন হলেন—ওহাইওর ১৯ বছর বয়সী টাইসেন সি প্রোপার, ক্যালিফোর্নিয়ার ব্রায়ান ওমর রোয়া (২৪), মাইকেল অ্যালান থমাস (৩২), মিসৌরির ড্যানিয়েল কে এস্ক্রিজ (৩২) এবং নেব্রাস্কার আব্রাহাম হারমোসিলো আলভারেজ (৩১)। তাদের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি।

তদন্তে জানা যায়, পরিকল্পনার সূত্রপাত ঘটে টাইসেন প্রোপারের মাধ্যমে। গত ১০ জুন তার মা স্থানীয় কর্তৃপক্ষকে ফোন করে জানান, ছেলে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কিনছে এবং অনলাইনে সন্দেহজনক গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করছে।

এফবিআইয়ের নথিতে বলা হয়েছে, অভিযুক্তরা নিজেদের ‘দেশপ্রেমিক’ দাবি করলেও যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রব্যবস্থা নিয়ে অসন্তোষ থেকে সহিংস পরিকল্পনা গ্রহণ করে। তারা সরকারি দুর্নীতি, এপস্টাইন ফাইলস এবং সামাজিক বিভিন্ন ইস্যু নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিল।

তদন্তকারীরা আরও জানান, তারা প্রথমে টিকটকের একটি গ্রুপের মাধ্যমে যোগাযোগ শুরু করে এবং পরে এনক্রিপটেড মেসেজিং অ্যাপ সিগন্যাল ব্যবহার করে পরিকল্পনা এগিয়ে নেয়।

এফবিআই জানায়, পরিকল্পনার অংশ হিসেবে ড্রোন অপারেশন, সম্ভাব্য স্নাইপার অবস্থান এবং বিদ্যুৎ গ্রিডের অবস্থান পর্যন্ত মানচিত্রে চিহ্নিত করা হয়েছিল।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, সময়মতো পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে।

মামলার প্রাথমিক শুনানি আগামী ২৯ জুন অনুষ্ঠিত হবে। দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।