ইউরোপের দেশ পর্তুগালের সঙ্গে ভিসা মওকুফ চুক্তি করেছে সৌদি আরব। এই চুক্তির আওতায় দুই দেশের কূটনীতিক ও বিশেষ পাসপোর্টধারীরা এখন থেকে বিনা ভিসায় যাতায়াত করতে পারবেন।
মঙ্গলবার পর্তুগালের রাজধানী লিসবনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র্যাঙ্গেলের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-এর বরাতে জানা গেছে, এই চুক্তির মূল উদ্দেশ্য হলো দুই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভ্রমণ ও যোগাযোগ সহজ করা এবং কূটনৈতিক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা।
চুক্তির মাধ্যমে সৌদি আরব ও পর্তুগালের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক পর্যায়ে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
উভয় দেশই সাম্প্রতিক সময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে। এই চুক্তিকে সেই প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
আরো পড়ুন: