শান্তিচুক্তি স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্র ও ইরান

শান্তিচুক্তি স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্র ও ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬ ১১:১৫

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনের লক্ষ্যে একটি প্রাথমিক সমঝোতা হিসেবে “ইসলামাবাদ মেমোর্যান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ)” স্বাক্ষর করেছেন দুই দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান।

ইরান ও মার্কিন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্বাক্ষর করা হয়। জি৭ সম্মেলনে অংশ নিতে বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। স্বাক্ষর অনুষ্ঠানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ উপস্থিত ছিলেন।

অন্যদিকে তেহরানে নিজ দপ্তরে একই সমঝোতায় স্বাক্ষর করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা চুক্তি স্বাক্ষরের ছবি প্রকাশ করেছে।

১৪ দফা সম্বলিত এই এমওইউকে দুই দেশের মধ্যে সম্ভাব্য স্থায়ী শান্তি চুক্তির প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে। মাত্র ৮০০ শব্দের এই সমঝোতা ভবিষ্যৎ আলোচনার কাঠামো নির্ধারণ করবে বলে জানানো হয়েছে।

চুক্তি অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে দুই দেশ পরমাণু কর্মসূচি, যুদ্ধ ক্ষতিপূরণ এবং স্থায়ী শান্তি চুক্তির শর্ত নিয়ে আলোচনা করবে। এই সময়ের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল অবাধ থাকবে এবং ইরানের কিছু বন্দর থেকে অবরোধ শিথিল করার কথা বলা হয়েছে।

বিশ্লেষকদের মতে, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই সমঝোতা দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হতে পারে।