বন্ধুত্ব ও বাণিজ্য জোরদারে আসিয়ান নেতাদের সঙ্গে বৈঠক পুতিনের

বন্ধুত্ব ও বাণিজ্য জোরদারে আসিয়ান নেতাদের সঙ্গে বৈঠক পুতিনের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬ ১২:০৪

দক্ষিণপূর্ব এশিয়ার আঞ্চলিক জোট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন্স (আসিয়ান)-এর সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় রাশিয়া। জোটের নেতাদের সঙ্গে এক বৈঠকে এ কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ওই বৈঠকে আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন পুতিন। রাশিয়া ও আসিয়ানের সম্পর্কের ৩৫ বছর পূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়।

পুতিন বলেন, রাশিয়া ও আসিয়ান এমন একটি বিশ্বব্যবস্থার পক্ষে, যেখানে প্রতিটি রাষ্ট্র সমানভাবে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে এবং কোনো দেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। তিনি আরও বলেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার করে ইউরেশীয় অঞ্চলে স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে চায় রাশিয়া।

রুশ প্রেসিডেন্ট জানান, আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে যৌথ কার্যক্রম আরও বিস্তৃত করার জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি বিভিন্ন দেশের উন্নয়ন মডেলকে সম্মান জানানোর বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

রাশিয়া সরাসরি আসিয়ানের সদস্য না হলেও গত ৩৫ বছর ধরে ‘ডায়ালগ পার্টনার’ হিসেবে জোটটির সঙ্গে যুক্ত রয়েছে। এই সময়জুড়ে দুই পক্ষের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ধীরে ধীরে সম্প্রসারিত হয়েছে।

বৈঠকের ফাঁকে পুতিন আসিয়ানভুক্ত বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সঙ্গেও মতবিনিময় করেন। সেখানে তিনি বলেন, এই সম্মেলন রাশিয়া ও আসিয়ানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং শিল্প সহযোগিতা বৃদ্ধির নতুন সুযোগ তৈরি করবে।

সম্মেলনের অংশ হিসেবে পুতিন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র, ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন।

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র ইউরি উশাকভ জানিয়েছেন, সামগ্রিকভাবে রাশিয়া-আসিয়ান বৈঠক ছিল ফলপ্রসূ, সমতাভিত্তিক ও গঠনমূলক।