যুক্তরাজ্যের বেডফোর্ড শহরের কাছে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে একজন চালক নিহত হয়েছেন এবং অন্তত ৮৯ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
শুক্রবার (স্থানীয় সময়) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। উভয় ট্রেনই দক্ষিণ লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনের দিকে যাচ্ছিল বলে রেল ট্র্যাকিং তথ্য থেকে জানা গেছে।
ইস্ট ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, দুর্ঘটনায় আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর, ২২ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ৫৬ জন তুলনামূলকভাবে স্থিতিশীল।
স্থানীয় প্রশাসন জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধার অভিযান শুরু করা হয়। পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
লন্ডন পুলিশ এক বিবৃতিতে জানায়, “এটি অত্যন্ত দুঃখজনক একটি দুর্ঘটনা। আমাদের টিম স্থানীয় বাহিনীর সঙ্গে সমন্বয় করে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।”
যুক্তরাজ্য রেলওয়ের পূর্ব মিডল্যান্ড বিভাগ জানায়, নটিংহ্যাম ও করবি শহর থেকে আলাদা দুটি ট্রেন প্রায় একই সময়ে সেন্ট প্যানক্রাসের দিকে যাচ্ছিল। কোনো সতর্ক সংকেত বা নিয়ন্ত্রণজনিত সমস্যা ছাড়াই ট্রেন দুটি সংঘর্ষে লিপ্ত হয়।
এক যাত্রী স্কাই নিউজকে জানান, সংঘর্ষের পর তিনি ধোঁয়া দেখতে পান এবং চারপাশে যাত্রীদের চিৎকার ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে আহত হয়ে পড়ে থাকেন এবং দ্রুত উদ্ধার প্রয়োজন হয়।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরো পড়ুন: