ইরান বর্তমানে চরম দুর্বল অবস্থায় রয়েছে: ট্রাম্প

ইরান বর্তমানে চরম দুর্বল অবস্থায় রয়েছে: ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জুন, ২০২৬ ১২:০৪

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়ে সমালোচকদের কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরান বর্তমানে চরম দুর্বল অবস্থায় রয়েছে।

শুক্রবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “ইরান নিঃশেষ হয়ে গেছে, তাদের কিছুই অবশিষ্ট নেই।”

তিনি আরও বলেন, চুক্তি নিয়ে যারা সমালোচনা করছে তারা বাস্তবতা বুঝতে ব্যর্থ হচ্ছে। ট্রাম্পের মতে, এই সমঝোতা যুদ্ধের কারণে সৃষ্ট সমস্যাগুলো সমাধানের পথ তৈরি করবে।

এর আগে চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ডে নির্ধারিত একটি কূটনৈতিক সফর বাতিল করেন, যেখানে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। এতে চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ট্রাম্প দাবি করেন, সাম্প্রতিক সামরিক পরিস্থিতিতে ইরানের নৌ, বিমান ও সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, “ডেমোক্র্যাটরা বলছে ইরান ভালো অবস্থায় আছে, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল।”

আরেক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র নয়, বরং ইরানই আলোচনায় বসতে আগ্রহী ছিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৬০ দিনের আলোচনায় কোনো অগ্রগতি না হলে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।

চুক্তি অনুযায়ী আগামী ৬০ দিনের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালি, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও অর্থনৈতিক পুনর্গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা চলবে।