হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননে ফের বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
শনিবার (২০ জুন) আন্তর্জাতিক সংবাদ সংস্থার বরাতে জানানো হয়, লেবাননের নাবাতিহ এলাকায় শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন হামলা চালানো হয়। এতে একাধিক আবাসিক ভবন ও ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, হামলার পাশাপাশি ভোরের দিকে নাবাতিহ ও আশপাশের এলাকায় ব্যাপক গোলাবর্ষণও চালায় ইসরায়েলি বাহিনী।
এর আগে শুক্রবার জানা যায়, ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং ওই দিন স্থানীয় সময় বিকেল ৪টা থেকে তা কার্যকর হয়।
ইসরায়েলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হিজবুল্লাহর দুটি সূত্রও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে। তবে যুদ্ধবিরতি কার্যকরের পরও হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের দীর্ঘদিনের সংঘাতের ইতিহাস রয়েছে। দক্ষিণ লেবাননে শক্ত অবস্থান থাকা এই গোষ্ঠীর বিরুদ্ধে ২০২৪ সালে বড় অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। ওই অভিযানে হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহসহ বহু কমান্ডার নিহত হন।
২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও তা ছিল অত্যন্ত ভঙ্গুর। এরপরও মাঝেমধ্যেই দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে আসছে।
আরো পড়ুন: