আমিরাতে টুরিস্ট ভিসা মিলবে ৪৮ ঘণ্টায়

আমিরাতে টুরিস্ট ভিসা মিলবে ৪৮ ঘণ্টায়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জুন, ২০২৬ ১৮:০৭

সংযুক্ত আরব আমিরাত পর্যটকদের জন্য টুরিস্ট ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করেছে। এখন দেশটিতে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ভিসা পাওয়া যাচ্ছে, যা ভ্রমণপিপাসুদের জন্য বড় সুখবর হিসেবে দেখা হচ্ছে।

শনিবার (২০ জুন) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, পর্যটকদের আকর্ষণ বাড়াতে আমিরাত সরকার ভিসা প্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিভিন্ন পর্যটন সেবায় বড় ধরনের ছাড় দিয়েছে। এতে দুবাইসহ দেশটির জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোতে ভ্রমণ আরও সাশ্রয়ী হয়ে উঠছে।

ট্রাভেল এজেন্টদের মতে, বর্তমানে হোটেল ভাড়া, আউটডোর অ্যাক্টিভিটি এবং বিভিন্ন পর্যটন স্থানে উল্লেখযোগ্য ছাড় দেওয়া হচ্ছে। ফলে কম খরচে দুবাই ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে।

জানা গেছে, গ্রীষ্মকালীন সময়ে কিছু হোটেলে মাত্র ১৩৯ দিরহাম থেকে রুম পাওয়া যাচ্ছে। পাশাপাশি ডেজার্ট সাফারি, জেট স্কি ও বাগি রাইডসহ বিভিন্ন আকর্ষণীয় কার্যক্রমেও বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।

খালিজ টাইমস পর্যটকদের জন্য কিছু পরামর্শও দিয়েছে। বিশেষ করে আবাসন খাতে খরচ কমাতে অনলাইনের পাশাপাশি সরাসরি বুকিংয়ের তুলনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

ওয়াইজফক্স ট্যুরিজমের সিনিয়র ম্যানেজার সুবাইর বলেন, গ্রীষ্মকালে দুবাই এখন তুলনামূলকভাবে সাশ্রয়ী গন্তব্যে পরিণত হয়েছে। হোটেল ভাড়া কম এবং বিভিন্ন অফারের কারণে পর্যটকরা সহজেই ভ্রমণ উপভোগ করতে পারছেন।

ডেজার্ট সাফারির ক্ষেত্রে শীতকালে যেখানে খরচ প্রায় ১৫০ দিরহাম থাকে, গ্রীষ্মে তা কমে প্রায় ৫০ দিরহামে নেমে এসেছে বলে জানা গেছে।

জেট স্কি রাইডেও সপ্তাহের নির্দিষ্ট দিনে এবং অগ্রিম বুকিংয়ে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। তবে বিশেষজ্ঞরা বুকিংয়ের আগে অফার যাচাই করার পরামর্শ দিয়েছেন।

প্লুটো ট্রাভেলসের ম্যানেজিং পার্টনার ভরত আইদাসানি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ভিসা পাওয়া যাওয়ায় দুবাই ভ্রমণে পর্যটকদের আগ্রহ আরও বাড়বে।