পোল্যান্ডের ‘অর্ডার অব হোয়াইট ঈগল’ ফেরত দিলেন জেলেনস্কি

পোল্যান্ডের ‘অর্ডার অব হোয়াইট ঈগল’ ফেরত দিলেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ১১:৪২

সেনা ইউনিটের নামকরণ ঘিরে সৃষ্ট বিতর্কের জেরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দেওয়া পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘অর্ডার অব হোয়াইট ঈগল’ প্রত্যাহার করা হয়েছে। এরপর জেলেনস্কি পদকটি ফেরত দিয়েছেন বলে জানা গেছে।

পোল্যান্ডের ডাক বিভাগের মাধ্যমে পদকটি দেশটিতে পৌঁছে দেওয়া হবে।

২০২৩ সালে পোল্যান্ডের তৎকালীন প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা জেলেনস্কিকে এই সম্মাননা প্রদান করেন। নিরাপত্তা, মানবিকতা ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ‘অর্ডার অব হোয়াইট ঈগল’-এ ভূষিত করা হয়েছিল।

তবে চলতি বছরে ২৬ মে ইউক্রেনের সেনাবাহিনীর একটি ইউনিটের নাম পরিবর্তনকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। ওই ইউনিটের নাম রাখা হয় ‘ইউক্রেনস স্পেশাল অপারেশন ফোর্সেস’। বিষয়টি ঘিরেই পোল্যান্ড ও ইউক্রেনের মধ্যে মতবিরোধ দেখা দেয়।

পোল্যান্ডের দাবি, এই নামকরণ ঐতিহাসিকভাবে বিতর্কিত একটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত, যারা ১৯৪০ থেকে ১৯৫০ সালের মধ্যে সক্রিয় ছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোলিশদের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

রাশিয়ার আগ্রাসনের পর ২০২২ সাল থেকে পোল্যান্ড ইউক্রেনকে ব্যাপক সহায়তা দিয়ে আসছে এবং লাখ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে। তবে সাম্প্রতিক এই ইস্যু দুই দেশের সম্পর্কে নতুন টানাপোড়েন তৈরি করেছে।

এরই মধ্যে পোল্যান্ডের বর্তমান প্রেসিডেন্ট ক্যারোল নোরোকি জেলেনস্কিকে দেওয়া সর্বোচ্চ সম্মাননা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। তিনি ইউক্রেনীয় শরণার্থীদের বিষয়ে কঠোর অবস্থানের জন্য পরিচিত।

তবে তিনি স্পষ্ট করে বলেছেন, এই সিদ্ধান্তের কারণে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে দেওয়া সহায়তা বন্ধ হবে না।

বিশ্লেষকদের মতে, এই ঘটনা ইউক্রেন-পোল্যান্ড সম্পর্কের মধ্যে সাময়িক কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করলেও সামগ্রিক সহযোগিতার ধারা এখনও অব্যাহত রয়েছে।