হরমুজ প্রণালিতে টোল নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

হরমুজ প্রণালিতে টোল নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ১১:৫৯

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে টোল আদায়ের ক্ষমতা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই প্রণালিতে ইরান কোনো টোল নিতে পারবে না এবং প্রয়োজনে সেখানে টোল আদায়ের দায়িত্ব নেবে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় শনিবার (২০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প লিখেছেন, ৬০ দিনের যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল নেওয়া যাবে না। এমনকি মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে টোল আরোপ করা হবে না, যদি না যুক্তরাষ্ট্র নিজেই তা নিয়ন্ত্রণ করে।

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সামুদ্রিক রুট হরমুজ প্রণালি জ্বালানি পরিবহন ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত কৌশলগত একটি পথ হিসেবে বিবেচিত।

প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরান হরমুজ প্রণালিকে চাপ সৃষ্টির কৌশল হিসেবে ব্যবহার করে এবং বিভিন্ন সময়ে এটি বন্ধের হুঁশিয়ারি দেয়।

তবে সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যুদ্ধবিরতি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, ৬০ দিনের মধ্যে হরমুজ প্রণালি থেকে কোনো টোল আদায় করতে পারবে না ইরান।

এর মধ্যেই গতকাল ইরানি সেনাবাহিনীর জয়েন্ট মিলিটারি কমান্ড আবারও হরমুজ বন্ধের ঘোষণা দেয়। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ ঘিরে এই পাল্টাপাল্টি ঘোষণা বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে।