লন্ডনে একতলা ভবনে আগুন, প্রাণ গেল ৩ জনের

লন্ডনে একতলা ভবনে আগুন, প্রাণ গেল ৩ জনের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ১২:২৮

যুক্তরাজ্যের লন্ডনের পশ্চিমাঞ্চলের হোয়াইট সিটি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) সন্ধ্যায় একটি একতলা প্যাভিলিয়নে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে লন্ডন ফায়ার ব্রিগেড।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির বরাতে জানা যায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে জরুরি সেবা বিভাগে প্রথম কল আসে।

এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ১৫টি ফায়ার ইঞ্জিন ও প্রায় ১০০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়। দীর্ঘ প্রচেষ্টার পর প্রায় আড়াই ঘণ্টা পর রাত ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার ব্রিগেড জানায়, আগুনে প্যাভিলিয়নটির অর্ধেকেরও বেশি অংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযানের সময় ভবনের ভেতর থেকে তিনজনকে বের করা হয়। ধোঁয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাদের ঘটনাস্থলেই জরুরি চিকিৎসা দেওয়া হয়।

পরে দুইজনকে মৃত ঘোষণা করা হয়। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। নিহত তিনজনই পুরুষ বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

ঘটনার পর স্থানীয়দের কাছ থেকে মোট ১৯টি জরুরি কল পাওয়া যায়। আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশন থেকেও অতিরিক্ত ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে লন্ডন ফায়ার ব্রিগেডের বিশেষ অগ্নি তদন্তকারী দল, স্থানীয় পুলিশের সহায়তায়।