রাস লাফফানে বিস্ফোরণ: ৫৪ জন আহত, নিখোঁজ ১৮

রাস লাফফানে বিস্ফোরণ: ৫৪ জন আহত, নিখোঁজ ১৮

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জুন, ২০২৬ ১২:০৭

কাতারের শিল্পনগরী রাস লাফফানের বারজান গ্যাস সাপ্লাই লিমিটেডের একটি গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৪ জন আহত হয়েছেন এবং কমপক্ষে ১৮ জন এখনো নিখোঁজ রয়েছেন।

রোববার সন্ধ্যায় ঘটে যাওয়া এ বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি কাতার এনার্জি এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকে বিস্ফোরণের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনী কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে।

কাতার বিশ্বের অন্যতম বৃহৎ তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন ও রপ্তানিকারক দেশ। রাজধানী দোহা থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত রাস লাফফান দেশটির জ্বালানি শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। বারজান গ্যাস সাপ্লাই লিমিটেডের কারখানাটিও সেখানে অবস্থিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কারখানা এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের পর আগুনের শিখা প্রায় ২০ কিলোমিটার দূর থেকেও দেখা গেছে এবং বিস্ফোরণের শব্দ দোহা পর্যন্ত শোনা গেছে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, কারখানার ভেতরে একটি নতুন প্ল্যান্ট নির্মাণের কাজ চলছিল। সেই নির্মাণকাজ শুরুর পরপরই এ বিস্ফোরণের ঘটনা ঘটে।