টানা গুলিবর্ষণে কাঁপছে শিকাগো, ৩ দিনে নিহত ৭ জন

টানা গুলিবর্ষণে কাঁপছে শিকাগো, ৩ দিনে নিহত ৭ জন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জুন, ২০২৬ ১৪:০০

গত ১৯ জুন শুক্রবার বিকেল থেকে ২১ জুন রোববার বিকেল পর্যন্ত তিন দিনে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের বৃহত্তম শহর শিকাগোর বিভিন্ন এলাকায় কমপক্ষে ২৪টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় ৭ জন নিহত এবং ৩৮ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

শিকাগো পুলিশের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৩ জন প্রথম দিন শুক্রবার এবং পরের দুই দিনে আরও ৪ জন প্রাণ হারান।

টানা এই বন্দুক সহিংসতায় শহরজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, শিকাগোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি এক মাসের মধ্যেই উন্নতি আনতে সক্ষম হবেন এবং এক বছরের মধ্যে শহরটিকে সবচেয়ে নিরাপদ শহরে পরিণত করা সম্ভব।

তবে এ বিষয়ে ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর জে বি প্রিৎজকারের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শুক্রবার যেদিন বন্দুক হামলা শুরু হয়, সেদিন যুক্তরাষ্ট্রে ‘জুনটিন্থ’ দিবস পালিত হচ্ছিল। ১৮৬৫ সালে এই দিনে দেশটিতে দাসপ্রথা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়।

শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন নিহত ও আহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।