তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে দুই দিনে ১৮ জনের মৃত্যু

তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে দুই দিনে ১৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬ ১১:৩২

রেকর্ডভাঙা গরম ও টানা তাপপ্রবাহে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে গত রোববার ও সোমবার দুই দিনে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে।

ফ্রান্সের আবহাওয়া দপ্তর ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনবহুল বন্দরনগরী বোর্দোতে তাপমাত্রা ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা শহরটির ইতিহাসে সর্বোচ্চ। সেখানে তাপজনিত কারণে তিনজন বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে, যাদের বয়স ৮০ থেকে ৯৫ বছরের মধ্যে।

এছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা কার্পেন্ত্রাসে গাড়ির ভেতরে আটকে পড়ে দুই ও চার বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।

বাকি ১৩ জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে। প্রচণ্ড গরমে স্বস্তি পেতে অনেকে নদী, হ্রদ ও সাগরে নামায় এই দুর্ঘটনা বাড়ছে বলে জানায় কর্তৃপক্ষ।

ফ্রান্সের বেসামরিক নিরাপত্তা বিভাগের মুখপাত্র জেরোম বওল্যাঙ্গার বলেন, নিরাপদ ও নজরদারির আওতায় থাকা স্থানগুলোতেই সাঁতার কাটার জন্য বারবার সতর্ক করা হচ্ছে।

তাপপ্রবাহের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।

এদিকে শুধু ফ্রান্স নয়, ইউরোপজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। স্পেনের স্যান সেবাস্টিয়ানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা সাধারণত শীতল অঞ্চল হিসেবে পরিচিত।

যুক্তরাজ্যেও দেখা দিয়েছে রেকর্ডভাঙা গরম। বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, ইউরোপে চলমান এই পরিস্থিতি ‘ওমেগা ব্লক’ নামক আবহাওয়া ব্যবস্থার কারণে সৃষ্টি হয়েছে, যা উত্তর আফ্রিকা ও সাহারা অঞ্চল থেকে উষ্ণ বাতাস প্রবাহিত করছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ ধরনের তাপপ্রবাহ আরও তীব্র ও দীর্ঘস্থায়ী হচ্ছে বলে সতর্ক করেছেন গবেষকরা।