হরমুজে আটকা ১১ হাজার নাবিক, উদ্ধার অভিযান শুরু করেছে জাতিসংঘ

হরমুজে আটকা ১১ হাজার নাবিক, উদ্ধার অভিযান শুরু করেছে জাতিসংঘ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬ ১১:৪০

হরমুজ প্রণালিতে আটকা পড়া ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধারে অভিযান শুরু করেছে জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইএমও মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ এক বিবৃতিতে বলেন, উদ্ধার অভিযানটি অত্যন্ত জটিল। এটি ইরান, ওমান, যুক্তরাষ্ট্রসহ আঞ্চলিক দেশ এবং আন্তর্জাতিক সামুদ্রিক শিল্পের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

তিনি জানান, নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং নৌ-চলাচলের পরিবেশ যাচাই করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যায়। এতে শত শত বাণিজ্যিক জাহাজ এবং হাজারো নাবিক আটকা পড়ে।

পরবর্তীতে দুই পক্ষের মধ্যে প্রাথমিক চুক্তির পর এই অঞ্চলে ধীরে ধীরে নৌ-চলাচল স্বাভাবিক হতে শুরু করে। শিপিং নজরদারি সংস্থা ‘কেপলার’ জানিয়েছে, গত সোমবার এক দিনে অন্তত ৩৬টি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে, যা যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ।

ওমানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজের ভিড় ও সংঘর্ষের ঝুঁকি এড়াতে উদ্ধার কার্যক্রম ধাপে ধাপে পরিচালিত হচ্ছে।

এদিকে ডেনমার্ক জানিয়েছে, ফ্রান্স ও ব্রিটেনের নেতৃত্বাধীন আন্তর্জাতিক মেরিটাইম মিশনে তারা যুক্ত হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালি একটি আন্তর্জাতিক জলপথ, এখানে কোনো ধরনের টোল আদায়ের সুযোগ নেই। অন্যদিকে ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, প্রণালির পরিস্থিতি আর আগের অবস্থায় ফিরে যাবে না।