রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে নতুন শান্তি আলোচনার প্রস্তাব পুতিনের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে নতুন শান্তি আলোচনার প্রস্তাব পুতিনের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬ ১১:৫৭

আপডেট: ২৪ জুন, ২০২৬ ১২:০০

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আবারও শান্তি আলোচনা শুরু করতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইস্তাম্বুল ও যুক্তরাষ্ট্রের অ্যাঙ্কোরেজে অনুষ্ঠিত আগের আলোচনাগুলোর ভিত্তিতে নতুন দফার সংলাপ শুরু করা যেতে পারে বলে মত দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ জুন) মস্কোয় ক্রেমলিনে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে গুরুত্বারোপ করেন পুতিন। তিনি বলেন, কূটনৈতিক আলোচনা বর্তমানে স্থবির থাকায় ইউক্রেন “এ সুযোগ নিচ্ছে”।

পুতিন বলেন, “ইউক্রেনের সঙ্গে ফের শান্তি আলোচনা শুরু করতে রাশিয়া প্রস্তুত। ইস্তাম্বুলে হওয়া চুক্তি, অ্যাঙ্কোরেজে আলোচিত পদ্ধতি এবং বর্তমান বাস্তব পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া যেতে পারে।”

তিনি আরও অভিযোগ করেন, আলোচনার স্থবিরতার মধ্যে ইউক্রেন অনুকূল পরিস্থিতি তৈরি করছে এবং রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাচ্ছে।

২০১৫ সালের মিনস্ক চুক্তি, ক্রিমিয়া ইস্যু এবং ন্যাটো সদস্যপদ ঘিরে দীর্ঘদিনের টানাপোড়েনের পর ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে, যা এখনো চলছে।

যুদ্ধের গত কয়েক বছরে একাধিক দফায় দুই দেশের মধ্যে শান্তি আলোচনা হয়েছে। ২০২২ সালে বেলারুশের মিনস্ক ও তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকের পর ২০২৪ সালেও আলোচনা হয়।

২০২৫ সালে ইস্তাম্বুলে তিন দফা বৈঠকের পাশাপাশি যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়। চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও আবুধাবি ও জেনেভায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিশ্লেষকদের মতে, এসব আলোচনায় বড় কোনো অগ্রগতি না হলেও ভবিষ্যৎ শান্তি সংলাপের ভিত্তি তৈরি হয়েছে।