দাবদাহে বিপর্যস্ত ফ্রান্স, পানিতে ডুবে প্রাণ হারালেন ৪০ জন

দাবদাহে বিপর্যস্ত ফ্রান্স, পানিতে ডুবে প্রাণ হারালেন ৪০ জন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬ ১২:২৩

ইতিহাসের সবচেয়ে উষ্ণতম সময় পার করছে ফ্রান্স। চলমান তীব্র দাবদাহে দেশটিতে অনিরাপদ ও নজরদারিবিহীন স্থানে সাঁতার কাটতে গিয়ে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে যুক্তরাজ্য ও স্পেনেও তাপমাত্রা পূর্বের সব রেকর্ড ছাড়িয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) জরুরি বৈঠক শেষে ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু বলেন, গত বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত পানিতে ডুবে মৃতদের বেশিরভাগই তরুণ। তিনি ঘটনাগুলোকে “মর্মান্তিক” হিসেবে উল্লেখ করেন।

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লে হার্বিয়ার্সে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। দক্ষিণ-পূর্ব অঞ্চলে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে দুই ও চার বছর বয়সী দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলেও পরে তাদের মৃত্যু হয়। বোর্দো অঞ্চলে ৮০ থেকে ৯৫ বছর বয়সী আরও তিনজন বৃদ্ধ গরমজনিত স্বাস্থ্য সমস্যায় প্রাণ হারান।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস (আইএফআরসি) জানিয়েছে, তীব্র দাবদাহ এখন জীবন-মরণের পরিস্থিতি তৈরি করেছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

ফ্রান্সের আবহাওয়া দপ্তর মেটিও-ফ্রান্স জানায়, ১৯৪৭ সালের পর এটি সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহ। পরিস্থিতির কারণে ৫৪টি এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি অনেক স্কুল আগেভাগেই ছুটি ঘোষণা করেছে।

প্যারিসে লুভর মিউজিয়াম ও আইফেল টাওয়ার পর্যটকদের জন্য নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে বন্ধ করে দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে, তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে, যা হলে ১৯৫৭ ও ১৯৭৬ সালের রেকর্ড ভেঙে যাবে। স্পেনের সান সেবাস্তিয়ানে তাপমাত্রা ৪০ ডিগ্রি এবং ইতালির ১৫টি শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, ‘ওমেগা ব্লক’ নামের বিশেষ আবহাওয়া পরিস্থিতির কারণে সাহারা ও উত্তর আফ্রিকা থেকে আসা গরম বাতাস ইউরোপে আটকে গেছে, ফলে তাপপ্রবাহ আরও তীব্র আকার ধারণ করেছে।