যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীদের জন্য নির্মিত একটি বন্দিশালায় হামলা এবং একজন পুলিশ কর্মকর্তাকে হত্যাচেষ্টার মামলায় ৮ জনকে দীর্ঘ কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে মূল পরিকল্পনাকারীকে ১০০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার টেক্সাসের ফোর্ট ওর্থ শহরের জেলা আদালত এ রায় ঘোষণা করে।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালে আপাদমস্তক কালো পোশাক পরা ৮ জনের একটি দল টেক্সাসের অ্যালভারাদো শহরের প্রেইরিল্যান্ড ডিটেনশন সেন্টারে সশস্ত্র হামলা চালায়। এ সময় হামলাকারীদের গুলিতে একজন পুলিশ কর্মকর্তা আহত হন। বন্দিশালাটি যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছিল।
হামলার ঘটনায় বেঞ্জামিন সং নামের একজনকে মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়। তাকে ১০০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকি ৭ জনকে ৩০ থেকে ৭০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন অটাম হিল, জ্যাচেরি ইভেটস, সাভান্না ব্যাটেন, মেগান মরিস, ম্যারিসেলা রুয়েডা, এলিজাবেথ সোটো এবং ড্যানিয়েল রোনাল্ডো সানচেজ এস্ত্রাদা।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আসামিরা অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্ট (অ্যান্টিফা) নামের একটি গোষ্ঠীর সদস্য। মার্কিন প্রশাসন গত বছর এ গোষ্ঠীকে ‘অভ্যন্তরীণ সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করে। তবে আসামিদের আইনজীবী এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, তারা সন্ত্রাসী ছিলেন না এবং হত্যার উদ্দেশ্যও ছিল না।
দণ্ডের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী।
আরো পড়ুন: