ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, নিহত ছাড়াতে পারে ১০ হাজার

ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, নিহত ছাড়াতে পারে ১০ হাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬ ১১:০৯

আপডেট: ২৫ জুন, ২০২৬ ১১:৩৮

ভেনেজুয়েলায় শক্তিশালী দুই ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে কয়েক সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় আঘাত হানে দুইটি শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৭.২ এবং ৭.৫।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির উত্তরাঞ্চলীয় উপকূল, যেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার অবস্থিত। শক্তিশালী এই কম্পনে রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহর ও গ্রামে ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় অনুযায়ী ওই দিনটি ছিল জাতীয় ছুটি। ফলে বহু মানুষ ঘরেই অবস্থান করছিলেন, যা হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা আরও জোরালো করেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন এলাকায় বহু ভবন ধসে পড়েছে এবং উদ্ধার অভিযান চলছে। USGS জানিয়েছে, ভেনেজুয়েলার অনেক ভবন ভূমিকম্প সহনশীল প্রযুক্তিতে নির্মিত না হওয়ায় ক্ষয়ক্ষতির মাত্রা ভয়াবহ হতে পারে।

প্রাথমিকভাবে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে।