ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দুই ভূমিকম্পে বিপুল প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ পরিস্থিতিকে “ভয়াবহ” বলে উল্লেখ করেন।
ট্রাম্প লিখেছেন, ভেনেজুয়েলায় আঘাত হানা দুইটি বড় ভূমিকম্পই ছিল ব্যাপক মাত্রার এবং এতে ভয়াবহ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। তবে তিনি সুনির্দিষ্ট কোনো মৃত্যুর সংখ্যা উল্লেখ করেননি।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে সাহায্য করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। এ পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে দ্রুত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে এখন পর্যন্ত ভেনেজুয়েলায় হতাহতের বিষয়ে কোনো আনুষ্ঠানিক সরকারি সংখ্যা প্রকাশ করা হয়নি।
ভূমিকম্পের কারণে দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর মাইকেতিয়া সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বিষয়টি নিশ্চিত করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। অভ্যন্তরীণ মন্ত্রী দিওসদাদো ক্যাবেলো এবং জাতীয় সংসদের প্রধান হোর্হে রদ্রিগেজকে সঙ্গে নিয়ে জরুরি ব্যবস্থাপনা তদারকির জন্য একজন জেনারেলকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরো পড়ুন: