ভেনেজুয়েলা ভূমিকম্পে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলা ভূমিকম্পে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬ ১১:৫৬

৭ মাত্রার জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লান্দাউ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান।

তিনি বলেন, “আজ সন্ধ্যায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার জনগণের পাশে আছে যুক্তরাষ্ট্র। এই কঠিন সময়ে আমরা তাদের সঙ্গে আছি এবং কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সহায়তা কার্যক্রম পরিচালনা করছি।”

স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, দুটি কম্পনের মধ্যে ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড।

ভূমিকম্পের পর দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ জরুরি অবস্থা ঘোষণা করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের জিওলোকেশন করা ভিডিওতে দেখা গেছে, রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহর ও উপকূলীয় এলাকায় ভবন ধসে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভেনেজুয়েলার উত্তরাঞ্চলীয় উপকূল ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল, যেখানে গুরুত্বপূর্ণ তেল শোধনাগার অবস্থিত। স্থানীয় সময় অনুযায়ী ওই দিনটি সরকারি ছুটির হওয়ায় অনেক মানুষ বাড়িতে অবস্থান করছিলেন, যা ক্ষয়ক্ষতির ঝুঁকি আরও বাড়িয়েছে।

USGS জানিয়েছে, ভবনগুলোর বড় অংশ ভূমিকম্প-সহনশীলভাবে নির্মিত না হওয়ায় ক্ষয়ক্ষতির মাত্রা আরও ভয়াবহ হতে পারে। দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে এবং রাজধানী কারাকাসের আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।